থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী।
নতুন তথ্য অনুযায়ী, ‘সোলজার’-এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অভিনেতা এবিএম সুমন। পরিচালক সাকিব ফাহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড়ে সুমনকে দেখা যাবে, যা সিনেমায় নতুন মাত্রা যোগ করবে।
সূত্র জানায়, থাইল্যান্ডে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে শাকিব খানের সঙ্গে কাজ করেছেন এবিএম সুমন। শিল্পীদের লুক আরও নিখুঁত করতে মুম্বাই থেকে খ্যাতিমান মেকআপ আর্টিস্ট অমিত আম্বারকরকে আনা হয়েছে।
নিজের চরিত্র নিয়ে বিস্তারিত বলতে নারাজ সুমন বলেন, ‘সিনেমায় আমার চরিত্রটি ইন্টারেস্টিং। ক্যামিও চরিত্র। এর বাইরে কিছু বলার অনুমতি নেই। শুধু বলছি, সোলজারে আমি আছি।’
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘ঢাকা অ্যাটাক’-এর মাধ্যমে দর্শকের নজর কাড়েন এবিএম সুমন। পরে তাকে দেখা গেছে ‘এম আর নাইন’ এবং দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমায়। এবার তিনি যুক্ত হলেন ‘সোলজার’-এর সঙ্গে।
গত বছরের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। সে সময় একটি মোশন ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হয়। ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইয়ের আভাস দেওয়া হয়।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদ। শুরুতে চলতি বছরের শেষ দিকে মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। তবে নির্মাতা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যেই ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে। অক্টোবর ও ডিসেম্বর—দুই সময়ই বিবেচনায় রাখা হচ্ছে।