ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে দর্শকদের মাঝে আলোচনার জন্ম দেওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা থেকে সিনেমাটি স্ট্রিমিং শুরু হবে।
আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছে সান মোশন পিকচার্স লিমিটেড। ওটিটি মুক্তি নিয়ে পরিচালক আজমান রুশো বলেন, ‘প্রেক্ষাগৃহে দর্শকদের ভালোবাসা পাওয়ার পর এবার দেশ-বিদেশের আরও বেশি দর্শকের কাছে সিনেমাটি পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।’
মুক্তির আগেই টিজার প্রকাশের পর শাকিব খানের ভিন্নধর্মী লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সিনেমায় তিনি একজন রকস্টার ও সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন, যা তাঁর প্রচলিত অ্যাকশন বা গ্যাংস্টার ইমেজ থেকে একেবারেই আলাদা।
গল্পে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, স্বপ্ন, সাফল্য, ব্যর্থতা এবং বাস্তবতার নানা দিক উঠে এসেছে। পাশাপাশি আগুন ও আসলামের বন্ধুত্বের গল্পও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, দিলারা জামান এবং কাজী সাবির।
পরিচালক জানিয়েছেন, বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতা এবং নিজের সংগীতজীবনের স্মৃতির সংমিশ্রণে সিনেমার গল্প নির্মাণ করেছেন। নুসরাত মাটির চিত্রনাট্যে নির্মিত এই সিনেমার সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির সব গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নিরব।