মোশাররফ করিমের নতুন সিনেমা 'যাত্রা বিরতি'তে তার সহশিল্পী হিসেবে ফিরছেন সুমাইয়া শিমু। এই সিনেমা পরিচালনা করছেন কাজী আসাদ এবং এটি প্রযোজনা করছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
আগামী বছর ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে 'যাত্রা বিরতি'র। বর্তমানে সিনেমাটির পুরো ইউনিট কুয়াকাটায় শুটিংয়ে ব্যস্ত রয়েছে।
দীর্ঘ বিরতির পর সুমাইয়া শিমু আবারও অভিনয়ে ফিরছেন। এ সিনেমা তার চলচ্চিত্র অভিষেকও। শিমু বলেন, "স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটিও সুন্দর। তবে কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম।"
নির্মাতা কাজী আসাদ জানান, 'যাত্রা বিরতি'র গল্পটি পারিবারিক সম্পর্ক ও উৎসবের আবহে আবর্তিত। তিনি বলেন, "উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। আমাদের গল্পটাও সেরকমই, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।"
এর আগে, কাজী আসাদ চরকির জন্য ওয়েব সিরিজ 'আধুনিক বাংলা হোটেল' এবং ফিল্ম 'লাইফলাইন' নির্মাণ করেছেন। উভয় কনটেন্টই দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছে।