বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
বিনোদন

মা হয়েও ‘মিস ইউনিভার্স’ জয়ী জেনিফার ব্যারেটো

পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো মিস ইউনিভার্স ২০২৬ বিজয়ী, মা ও সমাজসেবী।

মা হয়েও ‘মিস ইউনিভার্স’ জয়ী জেনিফার ব্যারেটো

‘মিস ইউনিভার্স ২০২৬’ এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর সুন্দরী জেনিফার ব্যারেটো। ৭৫তম এই আসরে প্রথম রানারআপ হন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানারআপ হন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েৎজ। চূড়ান্ত পর্বে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন যথাক্রমে ফিলিপাইন ও নিউজিল্যান্ডের সুন্দরী।

মিস ইউনিভার্সের অফিসিয়াল পেজে প্রকাশিত ভিডিওবার্তায় নতুন বিজয়ীকে অভিনন্দন জানিয়ে বলা হয়, ‘নতুন রানী, নতুন যুগ! পুয়ের্তো রিকোর ঘরে মুকুট ফিরিয়ে আনা আমাদের নতুন মিস ইউনিভার্স জেনিফার ব্যারেটোকে অভিনন্দন!’

জেনিফার ব্যারেটো ২৭ বছর বয়সী এবং বিবাহিত। তাঁর ৭ বছর বয়সী কন্যাসন্তান পেনেলোপ রয়েছে। মিস ইউনিভার্সের মুকুট জিতে তিনি ইতিহাস গড়েছেন, যা একজন মা হিসেবে তাঁর অর্জনকে বিশেষ গুরুত্ব দেয়।

শিক্ষাজীবনে ব্যারেটো মনোবিজ্ঞান এবং ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সেনা বিভাগে ‘প্রিভেনশন স্পেশালিস্ট’ হিসেবে কর্মরত। এখানে সমাজের ক্ষতিকর প্রবণতা রোধ এবং সুস্থ ও নিরাপদ কমিউনিটি গড়ার উদ্যোগ নিয়ে কাজ করেন।

ব্যারেটো বই পড়া এবং ভলিবল খেলতে ভালোবাসেন। তিনি পুয়ের্তো রিকোর বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন। ‘পেডিয়াট্রিক ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব পুয়ের্তো রিকো’র একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে ডায়াবেটিসে আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে সহায়তা প্রদান করেন।

সুন্দরী প্রতিযোগিতাকে ব্যারেটো তাঁর সামাজিক ও মানবিক কাজগুলোকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার একটি মাধ্যম হিসেবে দেখেন। ‘মিস ইউনিভার্স পুয়ের্তো রিকো’ প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই ছিল তাঁর মূল লক্ষ্য।

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। তবে গ্র্যান্ড ফিনালেতে দর্শক ভোটে পিছিয়ে পড়ায় তিনি সেরা ৩০-এ স্থান পাননি।

বিজ্ঞাপন