ওটিটি প্ল্যাটফর্ম চরকির দর্শকদের জন্য নতুন ফ্যাশন কনটেন্ট নিয়ে আসছে ‘আরকা’স নেক্সট মডেল’। এই সিরিজটি ২৬ নভেম্বর থেকে তিন পর্বে মুক্তি পাবে।
ফ্যাশন শিল্পের তরুণ প্রজন্মের ভাবনা ও ডিজাইন নিয়ে নির্মিত এই সিরিজটি দেশের ফ্যাশন জগতের নতুনত্ব ও বৈশ্বিক পরিচিতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। ‘আরকা’ শব্দের অর্থ সংস্কৃত ভাষায় সূর্য বা আলোর রশ্মি, যা নতুন দিনের বার্তা নিয়ে আসে।
আরকা’স নেক্সট মডেলের পরিচালক আসাদ সাত্তার জানান, বাংলাদেশকে ‘মেড ইন বাংলাদেশ’ থেকে ‘ডিজাইনড ইন বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে এই ফ্যাশন উইকের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, “প্রতিবছর এখান থেকে মডেলরা কাজের সুযোগ পাচ্ছেন এবং তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হচ্ছে।”
চরকির সিইও রেদওয়ান রনি বলেন, “দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে কাজের সুযোগ খুবই কম। অন্যান্য দেশে ফ্যাশন নিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি হয়, যা আমাদের সংস্কৃতির সংরক্ষণে সহায়তা করে।”
এই সিরিজের মূল প্রতিপাদ্য ছিল ঐতিহ্যবাহী জামদানি। সারাদেশ থেকে তরুণ-তরুণীরা এতে অংশগ্রহণ করে এবং সেরা ১০ জনকে চূড়ান্ত করা হয়। পরবর্তী আসরগুলোতে ক্যাটওয়াক, ফ্যাশন মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব ও মাস্টারক্লাসও থাকবে।