বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
ব্রেকিং
বিনোদন

আতিফ আসলাম আবার ঢাকায়, কনসার্ট ২৪ জুলাই

আতিফ আসলাম আবার ঢাকায় কনসার্ট করতে আসছেন, ২৪ জুলাই অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি।

আতিফ আসলাম আবার ঢাকায়, কনসার্ট ২৪ জুলাই

বাংলাদেশে আবারও কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে 'মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম'।

গত বছরের স্থগিত হওয়া কনসার্টের আয়োজন পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’। গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকায় কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু নিরাপত্তাজনিত কারণে দুই দিন আগে এটি স্থগিত করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টটি বাতিল নয়, বরং পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় আয়োজন করা হবে। আতিফ আসলামও তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশ্যে জানান, আগের কনসার্টের জন্য কেনা টিকিট বৈধ থাকবে।

গত বছর আরও পাঁচটি আন্তর্জাতিক কনসার্ট স্থগিত হয়েছিল, যার মধ্যে আতিফ আসলামের কনসার্টও ছিল। তবে ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’ প্রথমে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে।

কনসার্টের জন্য প্রয়োজনীয় সাংস্কৃতিক অনুমোদন ও নিরাপত্তাসহ সব অনুমতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। কনসার্টের ভেন্যু শিগগিরই ঘোষণা করা হবে।

আগের টিকিটধারীদের জন্য নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। তাঁরা mainstage.show ওয়েবসাইটে গিয়ে Re-Apply প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট GetMyTicket.live-এর মাধ্যমে বিক্রি করা হবে।

‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’ এর পরিচালক কাজী রাফসান জানান, গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, সুযোগ পেলেই এটি ফিরিয়ে আনব। ২৪ জুলাই আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে চাই।

বিজ্ঞাপন