শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ব্রেকিং
বিনোদন

বড় পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্য মুভি’, মুক্তি ৪ সেপ্টেম্বর

‘মির্জাপুর: দ্য মুভি’ ৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে, টিজার প্রকাশিত হয়েছে।

বড় পর্দায় আসছে ‘মির্জাপুর: দ্য মুভি’, মুক্তি ৪ সেপ্টেম্বর

ওটিটি দুনিয়ায় তুমুল জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’ এবার বড় পর্দায় আসছে। ‘মির্জাপুর: দ্য মুভি’ নামক চলচ্চিত্রের টিজার প্রকাশ পেয়েছে, যা ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ছবিতে সিরিজের পরিচিত মুখ পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু, রসিকা দুগাল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মোহিত মালিক, শিবা চাড্ডা, শ্রিয়া পিলগাঁওকর ও হর্ষিতা শেখর ত্রিপাঠী ফিরছেন। নতুন সংযোজন হিসেবে দেখা যাবে রবি কিষাণ, জিতেন্দ্র কুমার এবং সোনাল এস চৌহানকে।

২০১৮ সালে প্রথম মুক্তি পাওয়া ‘মির্জাপুর’ ইতোমধ্যে তিনটি সিজন নিয়ে ওটিটি দুনিয়ায় আলাদা জায়গা করে নিয়েছে। নির্মাতাদের দাবি, চলচ্চিত্রটি সিরিজের পরিচিত তীব্রতা, সংঘাত ও গল্প বলার ভঙ্গি বজায় রেখেই তৈরি করা হয়েছে।

ছবির নতুন গল্পের কারণে সিরিজে মারা যাওয়া কয়েকটি জনপ্রিয় চরিত্রকেও সিনেমায় দেখা যাবে। দিব্যেন্দুর মুন্না ভাইয়া, কুলভূষণ খরবন্দার সত্যনন্দ ত্রিপাঠি ও শ্রিয়া পিলগাঁওকরের সুইটি গুপ্তা আবার ফিরছেন ‘মির্জাপুর: দ্য মুভি’-তে।

ছবিটির আরেকটি চমক হচ্ছে বাবলু পণ্ডিত চরিত্র, যা সিরিজের প্রথম সিজনে বিক্রান্ত ম্যাসি অভিনয় করেছিলেন। তবে সিনেমায় এই চরিত্রে দেখা যাবে জিতেন্দ্র কুমারকে। নতুন গ্যাংস্টার চরিত্রে যুক্ত হচ্ছেন রবি কিষাণ।

টিজারে পূর্বাঞ্চলের ধুলোমাখা সড়ক থেকে রাজস্থানের মরুভূমির বিভিন্ন প্রেক্ষাপটের ঝলক দেখা গেছে, যা আগের চেয়ে আরও বিস্তৃত এক জগতের ইঙ্গিত দেয়। ‘মির্জাপুর: দ্য মুভি’ পরিবেশন করছে অ্যামাজন এমজিএম স্টুডিওস ও এক্সেল এন্টারটেইনমেন্ট। ছবিটি পরিচালনা করেছেন গুরমিত সিং, চিত্রনাট্য লিখেছেন পুনীত কৃষ্ণ। রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার প্রযোজিত ছবির সহ-প্রযোজক কাসিম জাগমাগিয়া ও বিশাল রামচন্দনী।

বিজ্ঞাপন