জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এবার বড় পর্দায় আসছে। প্রায় সাত বছর পর আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মির্জাপুর: দ্য মুভি’। প্রথম দিনে ২৫ কোটি রুপি আয় করতে পারলে এটি সাম্প্রতিক মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ (২২ কোটি রুপি) এবং ‘আওয়ারাপন ২’ (২১.৫০ কোটি রুপি)-এর প্রথম দিনের আয়কে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
ছবিটি ওয়েব সিরিজের প্রথম সিজনের সময়কার গল্পের সঙ্গে সমান্তরালভাবে এগোবে। কালীন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীকে আবারও দেখা যাবে, এছাড়া রয়েছেন আলি ফজল এবং দিব্যেন্দু। ছবিতে পুরনো জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি নতুন চরিত্রও থাকবে।
মুক্তির কয়েক দিন আগে ‘মির্জাপুর’-এর অগ্রিম বুকিং শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত ছবিটির প্রায় ১.৪ লাখ টিকিট বিক্রি হয়েছে, যার মাধ্যমে প্রথম দিনের আয় হয়েছে প্রায় ৪ কোটি রুপি। এই আয়ের প্রায় পুরোটাই এসেছে হিন্দি ভার্সন থেকে।
স্যাকনিল্ক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ছবিটি তেলুগু ডাব সংস্করণেও মুক্তি পাচ্ছে, তবে সেই সংস্করণে মাত্র ৩৭২টি টিকিট বিক্রি হয়েছে। বুকমাইশো-তে ‘মির্জাপুর’ প্রতি ঘণ্টায় ২.৫ হাজারেরও বেশি টিকিট বিক্রি করছে।
ট্রেড মহল ছবিটি নিয়ে আশাবাদী, কারণ ‘মির্জাপুর’-এর জনপ্রিয়তা বিশেষ করে টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলোতে বেশি। সাধারণত এই ধরনের ছবির মুক্তির দিনে স্পট বুকিং থেকে ভালো আয় হওয়ার সম্ভাবনা থাকে।
এই বছরের শুরুতে প্রথম টিজার প্রকাশের পর থেকে ‘মির্জাপুর’ ভালো ওপেনিং করবে বলে প্রত্যাশা তৈরি হয়েছিল। গত সপ্তাহে অধিকাংশ ট্রেড বিশেষজ্ঞ ছবিটির প্রথম দিনের আয় ১৮-২০ কোটি রুপি হবে বলে অনুমান করেছিলেন, তবে এখন সেই পূর্বাভাস বাড়ানো হচ্ছে।
‘মির্জাপুর: দ্য মুভি’ ২২ কোটি রুপির বেশি দিয়ে ওপেন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই প্রথম দিনেই ছবিটির নেট আয় ২৫ কোটি রুপি ছুঁতে পারে বলে পূর্বাভাস দিচ্ছেন।
হিন্দিতে ২৫ কোটি বা তার বেশি প্রথম দিনের আয় সাধারণত কিছু প্যান-ইন্ডিয়া তারকার ছবির ক্ষেত্রেই দেখা যায়। ‘মির্জাপুর’ সফল হলে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল ও দিব্যেন্দুও সেই তালিকায় স্থান করে নেবেন।