বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেলের ফ্রন্টম্যান লিংকন ডি’কস্তা ব্যক্তিগত কারণে সাময়িক বিরতিতে যাচ্ছেন। ২৭ বছর ধরে ব্যান্ডটির সঙ্গে যুক্ত থাকার পর, লিংকন বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
বুধবার (২৪ জুন) রাতে একটি ভিডিও বার্তায় লিংকন জানান, ‘এটা সময়ের দাবি’। তিনি বলেন, ‘আমার জীবনে এই প্রথম ব্যান্ডের সবাইকে এবং ফ্যানদের ছেড়ে দেশের বাইরে এতদিন থাকা।’
লিংকন আরও জানান, তাঁর অনুপস্থিতিতে নতুন ভোকাল হিসেবে সংগীতশিল্পী বখতিয়ার হোসাইনকে মঞ্চে দেখা যাবে। বখতিয়ার আগে রকব্যান্ড ‘বে অব বেঙ্গাল’র ভোকালিস্ট হিসেবে পরিচিত ছিলেন।
লিংকন বলেন, ‘বখতিয়ার অসাধারণ একজন ভোকাল ও মিউজিশিয়ান। সে আর্টসেলের আবেগ ও লিগ্যাসিটা বোঝে।’ তিনি ভক্তদের কাছে বিশেষ অনুরোধ করেন, ‘কাউকে কারও সঙ্গে তুলনা করবেন না।’
ব্যান্ডের গিটারিস্ট কাজী ফয়সাল আহমেদ জানান, ‘ফ্যানদেরও আমাদের প্রয়োজন আছে। জীবনের প্রয়োজনে অনেক সময় কিছু সিদ্ধান্ত নিতে হয়।’
নতুন দায়িত্ব পেয়ে আবেগাপ্লুত বখতিয়ার বলেন, ‘আর্টসেল একটি লিগ্যাসি। লিংকন ভাইয়ের জায়গা নেওয়ার ধৃষ্টতা আমার নেই।’
আর্টসেল ১৯৯৯ সালে যাত্রা শুরু করে এবং ২০০২ সালে প্রথম একক অ্যালবাম ‘অন্য সময়’ প্রকাশ করে। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে তাঁদের তৃতীয় অ্যালবাম ‘অতৃতীয়’ প্রকাশিত হয়।