মার্কিন পপতারকা লেডি গাগা প্রথমবার মা হয়েছেন। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় সদ্যোজাতকে কোলে নিয়ে তাঁকে দেখা যায়, যা নিয়ে আনন্দের খবর ছড়িয়ে পড়ে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্স জানায়, লেডি গাগা এবং তাঁর বাগদত্তা মাইকেল পোলানস্কি প্রথমবার বাবা-মা হয়েছেন। তবে নবজাতকের লিঙ্গ এবং নাম এখনও নিশ্চিত করা হয়নি।
গাগা ও পোলানস্কির সম্পর্ক দীর্ঘ পাঁচ বছর ধরে চলার পর ২০২৪ সালের এপ্রিল মাসে তাঁদের বাগদান সম্পন্ন হয়। কোভিড মহামারির সময় তাঁদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়, যখন তাঁরা মালিবুতে একসঙ্গে এক বছরেরও বেশি সময় কোয়ারেন্টাইনে কাটান।
ভোগ ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে পোলানস্কি বলেন, ‘আমাদের মধ্যে স্বাভাবিক জীবনের এক অদ্ভুত এবং চমৎকার অধ্যায় কেটেছিল, যা বাস্তবসম্মত উপায়ে যেকোনো সম্পর্ক গড়ে তোলার জন্য অত্যন্ত জরুরি।’
গত মে মাস থেকে গাগা এবং পোলানস্কি বেশ গোপনে চলাফেরা করছেন। গাগা তাঁর কনসার্ট ফিল্ম ‘অ্যাপল মিউজিক লাইভ: মেহেম রেকুইয়্যাম’র প্রচার করার সময়ও গোপনীয়তা বজায় রেখেছেন।
লেডি গাগা মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বহু আগে। ২০১৩ সালে তিনি বলেছিলেন, ‘আসলে প্রচুর সন্তান চাই... আমার অন্তত তিনটি সন্তান হওয়া উচিত।’
অনুরাগীরা এখন গাগার মা হওয়ার খবরকে শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন, ১৩ বছর পর মনে হচ্ছে তাঁর সেই ইচ্ছা অবশেষে সত্যি হলো।