বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশন (অ্যাডফা) পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য মোট ২৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছে। এই উদ্যোগটি অ্যাসেন কমিউনিকেশন-এর সহযোগিতায় ‘অ্যাডফা শর্ট ফেস্ট—সিজন এক’ নামে আয়োজিত হচ্ছে।
‘দিস ইজ ইউর শট’ থিম নিয়ে আয়োজিত এই ফেস্টে নির্বাচিত হবে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রকল্প। প্রতিটি নির্বাচিত চলচ্চিত্রের নির্মাণে অর্থায়ন করা হবে। অ্যাডফা’র ম্যানেজিং কমিটির সদস্য শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘এই ফেস্টের লক্ষ্য আমাদের কমিউনিটির নির্মাতাদের মৌলিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের সুযোগ তৈরি করা।’
অ্যাডফা কমিউনিটির যোগ্য নির্মাতারা এককভাবে অথবা দলগতভাবে একটি করে প্রকল্প জমা দিতে পারবেন। প্রস্তাবিত চলচ্চিত্রের দৈর্ঘ্য পাঁচ থেকে ১৫ মিনিটের মধ্যে হতে হবে এবং বাংলা, ইংরেজি বা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক ভাষায় গল্প জমা দেওয়া যাবে।
আবেদনের জন্য নির্মাতাদের একটি পিডিএফ ফাইলে চলচ্চিত্রের শিরোনাম, লগলাইন, পূর্ণাঙ্গ গল্প বা সিনপসিস, পরিচালকের বক্তব্য, ঘরানা, সম্ভাব্য দৈর্ঘ্য এবং আবেদনকারীর তথ্য জমা দিতে হবে। আবেদনের সঙ্গে ভিজ্যুয়াল রেফারেন্স বা পূর্ববর্তী কাজের লিংকও সংযুক্ত করা যাবে।
প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে গল্পের মৌলিকতা, নির্মাতার দৃষ্টিভঙ্গি, গল্প বলার শক্তি এবং বাজেট ও সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হবে। নির্বাচিত নির্মাতারা অ্যাডফার মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহী নির্মাতাদের আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।