বিশ্বখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান সম্প্রতি তার প্রিয় চলচ্চিত্রের একটি তালিকা প্রকাশ করেছেন, যেখানে স্থান পেয়েছে সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র 'পথের পাঁচালী' (১৯৫৫)।
এই তালিকাটি ক্রাইটেরিয়ন কালেকশনের সিরিজ 'ক্রাইটেরিয়ন ক্লোজেট' পরিদর্শনের সময় তৈরি করা হয়েছে। নোলান উল্লেখ করেন যে, 'পথের পাঁচালী' দেখে তিনি গভীরভাবে বিস্মিত হয়েছিলেন এবং অপু ট্রিলজির বাকি দুটি পর্বও দেখার ইচ্ছা প্রকাশ করেন।
নোলানের তালিকায় অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে অরসন ওয়েলসের 'মিস্টার আরকাডিন', 'সিটিজেন কেন', ফ্রিটজ ল্যাং-এর 'দ্য টেস্টামেন্ট অব ডক্টর মাবুসে', স্পাইক লি-র 'ম্যালকম এক্স', ডেভিড লিঞ্চের 'লস্ট হাইওয়ে', রবার্ট অল্টম্যানের 'দ্য প্লেয়ার' এবং রিচার্ড লিঙ্কলেটারের 'বয়হুড'।
নোলান প্রতিটি চলচ্চিত্রের পেছনে থাকা তার ব্যক্তিগত স্মৃতির কথাও তুলে ধরেন। তিনি জানান, ফ্রিটজ ল্যাং-এর 'দ্য টেস্টামেন্ট অব ডক্টর মাবুসে' ছবিটি তার বিখ্যাত 'দ্য ডার্ক নাইট' সিনেমার 'জোকার' চরিত্র তৈরিতে অনুপ্রেরণা জুগিয়েছিল।
ডেভিড লিঞ্চের 'লস্ট হাইওয়ে' প্রথমে তার কাছে দুর্বোধ্য মনে হলেও এটি তার অবচেতন মনে স্থায়ী প্রভাব ফেলেছিল। এছাড়া, স্পাইক লি-র 'ম্যালকম এক্স' ৭০ মিমি পর্দায় দেখার স্মৃতিও তিনি রোমন্থন করেন।
নোলানের এই তালিকা প্রমাণ করে যে, গ্রামীণ বাংলার কিশোরের গল্প 'পথের পাঁচালী' শুধু একটি চলচ্চিত্র নয়, বরং বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে ভারতীয় সিনেমার একটি বড় অর্জন।