তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা ‘জন নায়গন’ মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। ছবির অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়ে আলোচনা চলছে।
ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বিজয় এই সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ৩০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। যদি তথ্যটি সত্য হয়, তবে এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে কোনো অভিনেতার সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে চিহ্নিত হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিজয়ের সঙ্গে ছবির লাভের অংশ নেওয়ার কোনো চুক্তি ছিল না। নির্মাতা প্রতিষ্ঠান বা বিজয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
‘জন নায়গন’ সিনেমাটি পরিচালনা করেছেন এইচ. বিনোথ, যিনি পরিচালনার জন্য প্রায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক বলে জানা গেছে।
সিনেমার সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর, যিনি প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। সিনেমার নায়িকা পূজা হেগড়ে ১০ কোটি রুপি এবং বলিউড অভিনেতা ববি দেওল ১২ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন।
‘জন নায়গন’কে বিজয়ের অভিনয় ক্যারিয়ারের শেষ সিনেমা হিসেবে ধরা হচ্ছে। তিনি অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন এবং রাজনীতিতে মনোযোগ দিতে চান। ছবিটির বাজেট প্রায় ৫০০ কোটি রুপি।
মুক্তির আগেই সিনেমাটি অগ্রিম টিকিট বিক্রিতে সফলতা অর্জন করেছে, যেখানে প্রি-সেলস থেকে প্রায় ৩০ কোটি রুপি আয় হয়েছে। প্রথম দিনে বিশ্বব্যাপী আয় ১০৭ থেকে ১১২ কোটি রুপি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।