শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ৪ বিশ্বখ্যাত চলচ্চিত্র

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে চারটি আন্তর্জাতিক চলচ্চিত্র, শুরু হচ্ছে সিনেম্যাটিক উৎসব।

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ৪ বিশ্বখ্যাত চলচ্চিত্র

২৫ জুলাই ২০২৬ থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে শুরু হতে যাচ্ছে এক বিশেষ সিনেম্যাটিক উৎসব। একই দিনে মুক্তি পাচ্ছে চারটি ভিন্ন স্বাদের আন্তর্জাতিক চলচ্চিত্র, যা দেশজুড়ে দর্শকদের মাঝে নতুন উন্মাদনা ছড়াবে।

প্রথম সিনেমাটি হলো ‘এভিল ডেড বার্ন’, যা বিখ্যাত হরর ফ্র্যাঞ্চাইজি ‘এভিল ডেড’-এর ষষ্ঠ কিস্তি। সেবাস্তিয়ান ভানিচেক পরিচালিত এই ছবিতে এক তরুণী তার শ্বশুড়বাড়ির লোকজনের কাছে আশ্রয় নেয়, কিন্তু ‘বুক অব দ্য ডেড’-এর অভিশপ্ত শক্তি জাগ্রত হলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

দ্বিতীয় সিনেমা ‘প্যাসেঞ্জার’, যা পরিচালনা করেছেন আন্দ্রে ওভ্রেডাল। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে এক তরুণ দম্পতি ভ্যান লাইফ রোড ট্রিপে বের হয়ে এক অদ্ভুত দুর্ঘটনার শিকার হয় এবং অতিপ্রাকৃত এক ডেমোনিক সত্তার মুখোমুখি হয়।

তৃতীয় সিনেমা ‘টাইম হোপার্স: দ্য সিল্ক রোড’ একটি সায়েন্স ফিকশন অ্যানিমেটেড চলচ্চিত্র। এই ছবিতে ২০৫০ সালের গল্প দেখানো হয়েছে, যেখানে চারটি শিশু শিক্ষার্থী টাইম-ট্রাভেল ডিভাইসের মাধ্যমে অতীতে পৌঁছে যায়।

চতুর্থ সিনেমা ‘বিলি আইলিশ – হিট মি হার্ড অ্যান্ড সফট: দ্য ট্যুর’, যা কিংবদন্তি পরিচালক জেমস ক্যামেরন এবং পপ তারকা বিলি আইলিশের যৌথ উদ্যোগে তৈরি। এটি গায়িকার বিশ্বজুড়ে আলোড়ন তোলা ট্যুরের ম্যানচেস্টার শোকে কেন্দ্র করে নির্মিত একটি থ্রিডি কনসার্ট ফিল্ম।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া বিভাগের প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, 'আমরা সবসময়ই বাংলাদেশের দর্শকদের নতুন ও মানসম্মত আন্তর্জাতিক সিনেমা উপহার দিতে চাই।' তিনি আশা প্রকাশ করেন যে দর্শকরা পরিবার ও বন্ধুদের নিয়ে অসাধারণ এক সিনেম্যাটিক সময় কাটাবেন।

বিজ্ঞাপন