ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন এবং নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন। সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া ‘বান্ধবী’ গুঞ্জন নিয়ে তিনি মুখ খুলেছেন।
ঘটনার সূত্রপাত পূর্ণিমার প্রকাশ করা একটি ভিডিও থেকে, যেখানে তিনি কয়েকজন নারীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্ত কাটাচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা’, যা ভক্তদের মধ্যে নানা জল্পনা সৃষ্টি করে।
সম্প্রতি এক অনুষ্ঠানে পূর্ণিমা হাস্যরসের সঙ্গে পুরো ঘটনার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘আমি নিজেই ভিডিওটি পোস্ট করেছি। পরে আবার আমার এক বান্ধবীর সঙ্গে ফটোশুটের আরেকটি ভিডিওও দিয়েছি। আসলে বান্ধবী তো আমি বানাইনি, আপনারাই বানিয়ে ফেলেছেন।’
একই অনুষ্ঠানে পূর্ণিমা একটি রিসোর্টে কাটানো সময়ের অভিজ্ঞতাও শেয়ার করেন। তিনি জানান, সেখানে প্রায়ই বেড়াতে যান এবং খাবার তাঁর খুবই পছন্দ।
পূর্ণিমা বলেন, ‘আমি যখনই সেখানে যাই, রান্নাঘরে ঢুঁ মারি। ওরা কী রান্না করছে, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। অনেক সময় নিজেও একটু শসা বা লেবু কেটে দিই।’
তিনি আরও জানান, ‘ওরা অপেক্ষা করে আমি কখন যাব। আমি রান্না দেখতে পছন্দ করি, আর ওরাও আমাকে খুব আপন করে নেয়। সেই আন্তরিক সম্পর্ক থেকেই এমন মুহূর্তগুলো তৈরি হয়েছে।’
পূর্ণিমার এই ব্যাখ্যার পর ‘বান্ধবী’ নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনের অবসান হয়েছে বলেই মনে করছেন তাঁর ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই অভিনেত্রীর সরল ও হাস্যরসাত্মক জবাবের প্রশংসা করেছেন।