‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন সিনেমা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
তবে ছবির নাম নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শাকিব খান সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রে যান, এরপর থেকেই ছবিটির সম্ভাব্য নাম নিয়ে আলোচনা শুরু হয়। কিছু সূত্রের দাবি অনুযায়ী, নতুন ছবির নাম ‘নিঃস্ব’ অথবা ‘হায়েনা’ হতে পারে।
এ বিষয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বুধবার দুপুরে জানান, ছবির চিত্রনাট্যের কাজ এখনো শেষ হয়নি। তিনি বলেন, “আমি ‘নিঃস্ব’, ‘হায়েনা’সহ আরও কয়েকটি নাম শুনেছি। কিন্তু এগুলোর কোনোটিই আমাদের ছবির নাম নয়। সত্যি বলতে, এখনো আমরা কোনো নাম ঠিক করিনি। আশা করছি, আরও ১০ দিনের মধ্যে ছবির নাম জানাতে পারব।”
নতুন সিনেমাটি অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পে নির্মিত হবে। নির্মাতাদের পরিকল্পনা, ২০২৭ সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়া।
শাকিব খান ২ জুলাই রাতে নতুন সিনেমাটির চুক্তি সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে যান। সেদিন পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক আজিম হারুন ও শাহরিন সুমীর সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সেই ছবির ক্যাপশনে শাকিব লিখেছিলেন, ‘বরবাদ টিম আবার ফিরছে। চলুন, আবারও ইতিহাস গড়ি।’
এই ঘোষণার পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে দর্শক ও শাকিব ভক্তদের আগ্রহ বেড়েছে। ‘বরবাদ’-এর সাফল্যের পর একই টিম এবার কী নতুন চমক নিয়ে আসে, সেটিই এখন দেখার অপেক্ষা।