ভারতের রাজধানী দিল্লিতে একটি ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ জন শিক্ষার্থী থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দের পর পুরো এলাকা কেঁপে উঠে, যা ভূমিকম্পের মতো অনুভূত হয়।
স্থানীয় কর্মকর্তাদের মতে, ধসে পড়া ভবনটি একটি পেয়িং গেস্ট হাউস ছিল এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী সেখানে অবস্থান করছিলেন। সত্য নিকেতন এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে অবস্থিত, যেখানে প্রচুর শিক্ষার্থী বসবাস করে।
স্থানীয় সরকার প্রতিনিধি জানান, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চলছে। ভারতীয় জনতা পার্টির বিধায়ক অনিল শর্মা বলেন, "অবস্থার কারণে নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়, তবে অধিকাংশই স্থানীয় শিক্ষার্থী।"
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের ভবনটিও খালি করা হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট মোতায়েন করা হয়েছে এবং দুর্যোগ মোকাবিলার বিশেষায়িত দল সহায়তা করছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আটকে পড়াদের নিরাপদে উদ্ধারে চেষ্টা চলছে বলে জানান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার আশ্বাসও দেন।