ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দিল্লি ফায়ার সার্ভিস বিকেল সাড়ে ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকলের গাড়ি পাঠায়।
উদ্ধারকারী দল বর্তমানে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে। ঘটনাস্থলের ছবি থেকে দেখা যায়, ধসে পড়া ভবনের আশপাশে বহু মানুষ জড়ো হয়েছেন। স্থানীয় কয়েকজনও উদ্ধারকাজে সহযোগিতা করছেন।
এদিকে, দিল্লি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের চলাচল নির্বিঘ্ন রাখতে গাড়ি না থামানো, পার্কিং না করা এবং ভিড় না করার অনুরোধ করা হয়েছে।
গত মাসে দিল্লির সত্য নিকেতনে একটি হোস্টেল ভবন ধসে সাতজন নিহত ও আরও কয়েকজন আহত হন। ওই ঘটনার এক মাসের মধ্যেই রাজধানীতে ফের বহুতল ভবন ধসের ঘটনা ঘটল।