বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে।

মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের ইলিশ ধরার নিষেধাজ্ঞা

মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এ সময় সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে প্রশাসন।

দেশের ৬টি অভয়াশ্রম ও ৩১ জেলায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালানো হবে। চাঁদপুরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, ‘ইলিশের অভয়াশ্রমের ৬ জেলাসহ মোট ৩৮ জেলায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা চলবে ২২ দিন।’

তিনি আরও বলেন, চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার একশো কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদী ও সড়কে নজরদারি বাড়ানো হচ্ছে। এছাড়া, মৎস্য বিভাগের সমন্বয়ে স্থাপন হবে পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প।

এদিকে, ২৯ অক্টোবর পর্যন্ত মাছ ধরার নিষেধাজ্ঞা নিয়ে লক্ষ্মীপুর ও চাঁদপুরের লক্ষাধিক জেলে দুশ্চিন্তায় রয়েছেন। তারা সরকারি সহায়তা বাড়ানোর পাশাপাশি সঠিক তালিকা করে সহায়তা বিতরণের দাবি জানিয়েছেন।

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ‘শরীয়তপুরের নাওডোবা থেকে মাঝেরচর পর্যন্ত পদ্মা ও মেঘনার ৮০ কিলোমিটার এলাকায়ও মাছ ধরা পুরোপুরি বন্ধ থাকবে।’

এছাড়া, নিষেধাজ্ঞা চলাকালে দেশের জলসীমায় প্রতিবেশী দেশের জেলেদের অনুপ্রবেশ বন্ধের দাবি জানিয়েছেন উপকূলের জেলেরা।

বিজ্ঞাপন