রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

শরীয়তপুরে নদীতে ইলিশের উৎপাদন কমছে, উদ্বেগ বাড়ছে

শরীয়তপুরে পদ্মা-মেঘনা নদীতে ইলিশের উৎপাদন কমছে, উদ্বেগ বাড়ছে।

শরীয়তপুরে নদীতে ইলিশের উৎপাদন কমছে, উদ্বেগ বাড়ছে

শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীর তলদেশ ভরাটের কারণে ইলিশের উৎপাদন কমতে শুরু করেছে। এর ফলে নৌ চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। অসংখ্য ডুবোচর এবং নাব্যতা সংকটের কারণে ইলিশের বিচরণ কমেছে, যা স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

গত পাঁচ বছরে এই নদীপথে ইলিশ উৎপাদন ৮২৩ মেট্রিক টন কমেছে। প্রতিদিন ভোরে হাজার হাজার জেলে ইলিশ ধরার আশায় নদীতে নামলেও আশানুরূপ ফল পাচ্ছেন না। যে মাছ ধরা পড়ছে, তা জ্বালানি এবং শ্রমিকের মজুরি খরচও উঠাতে পারছে না।

কয়েক বছর আগে নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠত, কিন্তু বর্তমানে নদীর গভীরতা কমে যাওয়ার ফলে মাছের চলাচল পরিবর্তিত হয়েছে। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ৮০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীপথে জেলেরা ইলিশ শিকার করেন, যেখানে অন্তত ৩০টি ডুবচর রয়েছে।

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, নাব্যতা সংকট, অবৈধ ড্রেজিং, ভারী নৌযান চলাচল, দূষণ এবং পরিবেশগত পরিবর্তনের কারণে ইলিশের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। তিনি বলেন, 'নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং দূষণ নিয়ন্ত্রণ করা গেলে আবারও পদ্মা-মেঘনায় ইলিশের প্রাচুর্য ফিরতে পারে।'

নদীবেষ্টিত এই জেলায় প্রায় ৩০ হাজার জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাই নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন