জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়। তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের সম্মাননা’ অনুষ্ঠানে এসব কথা বলেন।
ডা. জুবাইদা বলেন, “নবজাতক যেন তার মায়ের কোল খালি করে চলে না যায়”। তিনি আশা প্রকাশ করেন যে, একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে, যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে।
তিনি জানান, দেশের গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামের মানুষ সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে প্রতি ১ হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র ০.৮৩, যার ফলে একজন চিকিৎসককে গড়ে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগীর সেবা দিতে হয়।
ডা. জুবাইদা আরও বলেন, দেশের ৭০ থেকে ৭৫ শতাংশ চিকিৎসক শহরাঞ্চলে কর্মরত, অথচ ৭৮ শতাংশ মানুষ গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে বাস করেন। নার্সের সংখ্যা প্রতি ১ হাজার মানুষের বিপরীতে মাত্র ০.৫৪৯, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের তুলনায় অনেক কম।
তিনি বলেন, “যদি শিক্ষাজীবন থেকেই দেশসেবার অঙ্গীকারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব।”