চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় হতাশ জেলেরা। ভরা মৌসুমেও চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে পর্যাপ্ত ইলিশের অভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ইলিশের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে।
স্থানীয় জেলেরা জানান, সারাদিন জাল ফেলে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। শুধু নদীতেই নয়, এবার সাগরে ট্রলার নিয়ে গিয়েও হতাশ হয়ে ফিরছেন তারা। চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাট দেশের সবচেয়ে বড় ইলিশের মোকাম হিসেবে পরিচিত।
মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এই ঘাটে ৩৫ হাজার ৪৭২ টন ইলিশ পাওয়া গিয়েছিল। তবে চলতি অর্থবছরে তা ৩০ হাজার টনেরও কম হবে বলে আশা করা হচ্ছে। নদীর নাব্যতা ও গভীরতা কমে যাওয়াকেই এর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চাঁদপুর মৎস্য বিভাগের জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘যখন সমন্বিতভাবে সবগুলা কার্যক্রম একত্রিত শুরু হবে তখন আবাসস্থল উন্নয়ন হলে ইলিশের প্রোডাকশন আশা করি বাড়তে পারে। তবে এ বছর বৈরী পরিবেশ ও কম বৃষ্টিপাতের কারণে ইলিশের উৎপাদন গত বছরের তুলনায় কমতে পারে।’
সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম বেড়েছে। চাঁদপুর বড় স্টেশন ঘাটে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়, আর ৩০০ গ্রাম ওজনের ছোট ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায়।