চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটির পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সরকারের সঙ্গে ১৫ বছরের জন্য চুক্তি সই হবে।
ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে এই চুক্তির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।
১ অক্টোবর, নিউমুরিং কনটেইনার টার্মিনালের বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার জন্য রেয়াতি চুক্তির খসড়া নীতিগতভাবে অনুমোদন করা হয়। এনসিটি চট্টগ্রাম বন্দরের প্রধান চারটি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড়।
তবে, বিদেশি অপারেটরের হাতে এই টার্মিনাল দেওয়ার বিরুদ্ধে আন্দোলন চলছে। ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বন্দর রক্ষা কমিটি। আন্দোলনকারীরা চুক্তি হলে বন্দর কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।