মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

স্বামী সাপ মেরে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন

স্বামী জাফর আহমদ বিষধর সাপ মারার পর স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান।

স্বামী সাপ মেরে স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন

ফেনীর পরশুরামে বিষধর সাপের দংশনের শিকার স্ত্রীকে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন স্বামী জাফর আহমদ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মির্জানগর ইউনিয়নের পূর্ব সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছকিনা বেগম (৬০) গৃহস্থালি কাজ করার সময় একটি কালো রঙের গোখরা সাপ তার পায়ে দংশন করে। স্ত্রীর আর্তচিৎকার শুনে স্বামী জাফর আহমদ ফোনে কথা বলার সময় দ্রুত ছুটে আসেন।

তিনি সাপটির পিছু নিয়ে সেটিকে খুঁজে বের করেন এবং লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেন। মৃত সাপটিকে একটি পলিথিনের ব্যাগে ভরে স্ত্রীকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের সামনে মৃত সাপটি দেখালে তারা নিশ্চিত হন যে এটি মারাত্মক বিষধর গোখরা সাপ।

জাফর আহমদ বলেন, "আমি দেরি না করে সাপটিকে খুঁজে পিটিয়ে মেরে ফেলি এবং চিকিৎসার সুবিধার জন্য ব্যাগে ভরে সোজা হাসপাতালে নিয়ে আসি।"

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইফতেখার হাসান ভূঁইয়া জানান, ছকিনা বেগমকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি বলেন, "শরীরে বিষক্রিয়ার লক্ষণ বা জটিলতা প্রকাশ পাওয়া মাত্রই জাতীয় নির্দেশিকা মেনে অ্যান্টিভেনম প্রয়োগসহ প্রয়োজনীয় সব ধরনের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হবে।"

বিজ্ঞাপন