রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী 'জাতীয় নগর ফোরাম ২০২৬', যেখানে বাংলাদেশজুড়ে আরও অন্তর্ভুক্তিমূলক, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল শহর গড়ার জন্য সম্মিলিত পদক্ষেপ জোরদারের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ যৌথভাবে এই ফোরামের আয়োজন করেছে।
ফোরামে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে সরকারি প্রতিষ্ঠান, সিটি করপোরেশন, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের সদস্যরা রয়েছেন। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ফোরাম। বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি এখন শহরে বসবাস করছে, যা নগর উন্নয়নের প্রয়োজনীয়তা বাড়িয়ে দিয়েছে।
ফোরামের আলোচনায় ঢাকাকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়। বক্তারা যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং দূষণকে নগর উন্নয়নের বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এমপি বলেন, 'এই ফোরামের আলোচনা আমাদের নগর উন্নয়ন পদ্ধতির দিকে এগিয়ে নেবে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।'
২০২৫ সালে জাতীয় নগর নীতি গ্রহণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে বক্তারা বলেন, এখন প্রয়োজন নীতির বাস্তবায়ন। ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগস বলেন, 'এই ফোরাম কোনো সমাপ্তি নয়, এটি আমাদের যৌথ দায়িত্বের শুরু।'
ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান আশা প্রকাশ করেন, ফোরামটি বাংলাদেশে টেকসই নগর উন্নয়নে অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার করবে। এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা বলেন, 'শহরগুলোকে আরও অন্তর্ভুক্তিমূলক, বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক করে তোলার জন্য আমাদের অগ্রাধিকার হলো সহায়তাকে সমন্বিত করা।'
ফোরামের মূল লক্ষ্য হলো বাস্তবায়নযোগ্য সুপারিশ তৈরি করা এবং জাতীয় ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা। নগর পরিকল্পনা, কার্যকর নগর সেবা, জলবায়ু সহনশীলতা ও পরিবেশগত স্থায়িত্ব নিয়ে আলোচনা চলছে।