মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাবা-মা সম্পত্তির ভোগদখল রাখতে পারবেন, নতুন আইন পাস

নতুন আইন অনুযায়ী, বাবা-মা সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগদখল করতে পারবেন।

বাবা-মা সম্পত্তির ভোগদখল রাখতে পারবেন, নতুন আইন পাস

জাতীয় সংসদে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে, যা সন্তানকে সম্পত্তি দান করার পরও বাবা-মায়ের ভোগদখল করার অধিকার নিশ্চিত করে। রবিবার (৬ সেপ্টেম্বর) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন এবং পরে কণ্ঠভোটে এটি পাস হয়।

বিলে উল্লেখ করা হয়েছে, পিতা-মাতা বা পিতামহ/মাতামহ কর্তৃক সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পর দাতা জীবিত থাকা অবস্থায় ওই সম্পত্তির ভোগ করতে পারবেন। দাতার মৃত্যুর পর সম্পত্তির ভোগাধিকার আইন অনুযায়ী গ্রহীতার ওয়ারিশদের কাছে স্থানান্তরিত হবে।

আইনমন্ত্রী বলেন, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের পদ্ধতি সম্পর্কে বিধান থাকলেও দাতার জীবনকাল পর্যন্ত সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণের বিষয়ে সুনির্দিষ্ট বিধান ছিল না। নতুন এই আইন দান করার প্রক্রিয়ায় একটি স্বতন্ত্র পদ্ধতি হিসেবে কাজ করবে।

বিলটি সব ধর্মাবলম্বীর ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে এবং মুসলিম আইনের অধীনে হেবা বা অন্যান্য সম্পত্তি হস্তান্তরের উপর কোনো প্রভাব ফেলবে না।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বিলটিকে শরিয়াবিরোধী উল্লেখ করে তীব্র আপত্তি জানান। বিরোধী দল বিলের ওপর ভোটে অংশ নেয়নি এবং সংসদ থেকে ওয়াকআউট করে।

সরকারি দলের সদস্যরা এই বিলকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সামাজিক ও আবাসন নিরাপত্তা নিশ্চিত করবে।

বিজ্ঞাপন