জাতীয় মানবাধিকার কমিশন বিল পাশের প্রক্রিয়ায় বিরোধীদল যুক্ত থাকবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ড. নাজিবুর রহমান।
তিনি জানান, সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে দলটি। রোববার (৩০ আগস্ট) জাতীয় মানবাধিকার কমিশন ও গুম-সংক্রান্ত দুটি বিল পর্যালোচনা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ড. নাজিবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকারবিষয়ক আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বর্তমানে যে বিলটি আনা হয়েছে, তা আন্তর্জাতিক কনভেনশনের পরিপন্থি।
তিনি অভিযোগ করেন, পুরোনো আইন বাতিল করে মানবাধিকার সুরক্ষার কাঠামো শক্তিশালী করার পরিবর্তে নতুন বিলের মাধ্যমে আইনটি আরও দুর্বল করা হয়েছে। সংসদে উত্থাপনের আগেই সংসদীয় স্থায়ী কমিটির ‘হাত-পা বেঁধে দেওয়া হয়েছে’ বলে তিনি উল্লেখ করেন।
জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র দাবি করেন, প্রস্তাবিত বিলটি একটি ‘বিতর্কিত ও কালো আইন’। এর মাধ্যমে জনগণের নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কমিটিতে স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ নেই, তাই তারা এই প্রক্রিয়ার সঙ্গে থাকতে চান না।
এর আগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম-সংক্রান্ত দুটি বিল পর্যালোচনা করা হয়।