নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলের নবঘোষিত কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনমনি বাজার থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দফায় দফায় এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উজ্জলসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাসুমুর রহমান শাকিল ও মো. রাব্বি উল্লেখযোগ্য। রাব্বিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ আগস্ট ইয়াসিন আলম হাসানকে আহ্বায়ক করে অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই নবঘোষিত কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
শনিবার বিকেলে নবঘোষিত কমিটির নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন, অন্যদিকে সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সাগরের নেতৃত্বে পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
নবঘোষিত কমিটির নেতাকর্মীরা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ বিজয় মিছিলে হামলা চালানো হয়েছে এবং হামলাকারীরা খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ভাঙচুর করেছে। অপরদিকে, পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করেন, তাদের বাদ দিয়ে অবৈধভাবে কমিটি গঠন করা হয়েছে।
সদর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘ত্যাগী ও যোগ্যদের নিয়েই কমিটি ঘোষণা করা হয়েছে।’ সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’