ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা (এফআইআর) দায়ের করেছে কলকাতা পুলিশ।
মামলায় আদালতের নির্দেশ অবমাননা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কাজে বাধা প্রদান এবং আদালতের নির্ধারিত সময় পেরিয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এনডিটিভি এ তথ্য জানায়।
মামলাটি হেস্টিংস থানায় দায়ের করা হয়েছে, যা টিএমসির ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচির সাথে সম্পর্কিত। গত শুক্রবার কলকাতায় ক্যাথিড্রাল রোডে অনুষ্ঠিত সভার জন্য হাইকোর্ট কিছু শর্ত আরোপ করেছিল।
হাইকোর্টের নির্দেশ ছিল, রাস্তার একটি ফ্ল্যাঙ্ক খোলা রাখতে হবে, কিন্তু বাস্তবে উভয় দিকের লেন বন্ধ হয়ে যায়। আদালত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সভার অনুমতি দিয়েছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে অনুষ্ঠান চলতে থাকে।
পুলিশের অভিযোগ, সভা চলাকালীন মমতার বক্তব্যের পর কর্মী-সমর্থকেরা ব্যারিকেড সরিয়ে পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন, ফলে ক্যাথিড্রাল রোডে যান চলাচল ব্যাহত হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে মন্তব্য করে বলেন, ‘সাবেক মুখ্যমন্ত্রী কীভাবে হাইকোর্টের অর্ডারকে ভাঙলেন!’ তিনি পুলিশকে এফআইআর রেজিস্ট্রার করতে নির্দেশ দেন।
এদিকে, কলকাতার ধর্মতলার কাছে রানি রাসমণি অ্যাভিনিউতে সভা করেছে বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল ছাত্র পরিষদ।