পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেছেন, তাঁর গাড়ির দিকে ইট-পাটকেল ছোড়া হয়েছে, যা তাঁর প্রাণহানির কারণ হতে পারতো।
রোববার হালিশহর এলাকায় পুলিশের হেফাজতে নিহত এক দলের কর্মীর বাড়িতে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েন। অভিযোগ রয়েছে, বিক্ষোভকারীরা তাঁর গাড়ি ঘিরে জুতা ও পানির বোতল নিক্ষেপ করেন। পরে পুলিশ এসে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়।
মমতা সাংবাদিকদের বলেন, ‘বাইরে থেকে আসা অসামাজিক মৌলবাদীরা পুলিশের সামনেই আমার গাড়িতে পাথর ছুড়েছে। গাড়ির কাচ বন্ধ না থাকলে আমার মাথা ফেটে যেতে পারতো, আমি মারাও যেতে পারতাম।’ তিনি অভিযোগ করেন, পুলিশ তাঁদের সুরক্ষায় কিছুই করেনি এবং বিজেপিকে নিরাপত্তা দিচ্ছে।
মমতার সফরসঙ্গী লোকসভার সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সংসদ সদস্য দোলা সেনও প্রশাসনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ ব্যবহার করে রাজ্য চালাচ্ছেন।’
এদিকে, রাজ্য বিজেপি সভাপতি সামীক ভট্টাচার্য সাবেক মুখ্যমন্ত্রীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এই ঘটনায় বিজেপি কোনোভাবেই জড়িত নয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।’
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পর মমতার ভাইয়ের ছেলে ও তৃণমূল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হয়েছিল। সেই ঘটনার কয়েক মাসের মাথায় এবার মমতার ওপর একই ধরনের হামলার অভিযোগ উঠেছে।