ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের প্রসঙ্গে বিজেপি সরকারের অবস্থান নিয়ে সমালোচনা করেছেন। মঙ্গলবার কলকাতার ধর্মতলায় একটি সভামঞ্চ থেকে তিনি এই মন্তব্য করেন।
মমতা জানান, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বাংলাদেশ থেকে একজন গুরুত্বপূর্ণ হত্যাকারী গ্রেপ্তার করেছে। তিনি বলেন, 'বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভল্যুশন হয়েছিল।'
চলতি বছরের মার্চে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ বাংলাদেশে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির হত্যাকাণ্ডের অভিযোগে দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেন। এই দুই অভিযুক্ত মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল বলে জানিয়েছে পুলিশ।
মমতা বলেন, 'হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলেন যে, বেঙ্গল পুলিশকে বলুন এই তথ্য যেন বাইরে না যায়। এটা দেশের স্বার্থে।' তিনি আরও বলেন, 'কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও আমি তো সবটাই জানি।'
তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে কলকাঠি নেড়ে তৃণমূল কংগ্রেসকে ভেঙ্গে দেওয়ার চেষ্টা চলছে। সভায় তৃণমূলের অনেক বিধায়ক উপস্থিত ছিলেন না। মমতা বিজেপির বিরুদ্ধে ভোটপরবর্তী সহিংসতা, বুলডোজার দিয়ে ভাঙচুর ও হকার উচ্ছেদসহ একাধিক অভিযোগ তোলেন।
মমতা বলেন, 'আমাদের সাংসদ, বিধায়ক, কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে। ভয় পাবেন না। আমাকে আটকাতে পারবেন না। সংবিধান রক্ষা করব। বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমাদের কর্মী-সমর্থকরা আক্রান্ত।'