যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসেবে বিল পুলটেকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছেন। মঙ্গলবার (২ জুন) এই নিয়োগের মাধ্যমে ৩৮ বছর বয়সী পুলটে যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার তদারকির দায়িত্বে আসছেন।
পুলটে বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির (এফএইচএফএ) পরিচালক এবং মর্টগেজ প্রতিষ্ঠান ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্প জানিয়েছেন, তিনি এই পদগুলোর পাশাপাশি জাতীয় গোয়েন্দা প্রধানের দায়িত্বও পালন করবেন।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, পুলটে আমেরিকার সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর ব্যবস্থাপনায় গভীর অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ১০ ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ তদারকি করছেন।
তবে সমালোচকদের মতে, আবাসন খাতের অভিজ্ঞতা থাকলেও পুলটের গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে কোনো পেশাগত অভিজ্ঞতা নেই। তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ), ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধান করবেন।
এর আগে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তুলসী গ্যাবার্ড। তিনি গত মাসে পদ ছাড়ার ঘোষণা দেন। যদিও তিনি স্বামীর অসুস্থতার কথা উল্লেখ করেছেন, তবে বিভিন্ন প্রতিবেদনে হোয়াইট হাউসের সঙ্গে মতবিরোধের কথাও উঠে এসেছে।
পুলটের নিয়োগ নিয়ে সমালোচনা চলছে। রিপাবলিকান সিনেটর জন কর্নিন বলেছেন, এই দায়িত্ব পালনের মতো কোনো যোগ্যতার প্রমাণ তিনি দেখছেন না। ডেমোক্র্যাট নেতা চার্লস শুমার পুলটেকে দলীয় স্বার্থে কাজ করা ব্যক্তি বলে আখ্যা দিয়েছেন।
ভারপ্রাপ্ত হিসেবে পুলটে সিনেটের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ২১০ দিন দায়িত্ব পালন করতে পারবেন। ফলে তিনি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত এই পদে বহাল থাকতে পারেন।