পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ক্ষুরের আঘাতে যুবদলের দুই নেতা আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় শেখ ইমরান শুভ (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার ও তার চাচাতো ভাই, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল সরদার।
গ্রেপ্তার হওয়া শেখ ইমরান শুভ সদর উপজেলার মধ্য রাস্তা এলাকার সালে আহমেদের ছেলে এবং পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আহতদের স্বজন ও দলীয় সূত্রে জানা যায়, রিয়াজ সরদার ও সাইফুল সরদার ওই এলাকায় অবস্থানকালে শেখ ইমরান শুভ এবং তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় ক্ষুরের আঘাতে দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার জানান, রাতের সময় দুজনকে জেলা হাসপাতালে আনা হয় এবং তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে।
পিরোজপুর জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ বলেন, ‘বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি সরকার থাকা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় আমাদের নেতা-কর্মীরা আহত হয়েছেন। বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা না হলে পিরোজপুর জেলা যুবদল কঠোর কর্মসূচি ঘোষণা করবে।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এই ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার নামে আগেও ওয়ারেন্ট রয়েছে। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।