আগামীকাল সোমবার থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু হবে। ব্যাংকটি জানায়, আমানতকারীরা সম্পূর্ণ মূল অর্থ তুললে, কোনো মুনাফা পাবেন না।
এ মাসের শুরু থেকেই আমানত ফেরতের খবরে ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের ভিড় বাড়তে শুরু করে। প্রথম কয়েক দিনে নগদ অর্থ উত্তোলনের আবেদন জমা দিতে গ্রাহকদের মধ্যে চাপ থাকলেও, বর্তমানে ব্যাংকের শাখাগুলোতে তেমন চাপ নেই। টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় গ্রাহকেরা স্বস্তি প্রকাশ করেছেন।
ব্যাংকে অনেকেই আবেদন করেছেন মূল অর্থ একেবারে তুলে নিতে। ব্যাংকের প্রতি কিছুটা আস্থা ফেরায় কেউ কেউ শুধু মুনাফা তুলছেন। ব্যাংকাররা জানান, আমানতের অর্থ ফেরত দিতে তাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বলেন, "প্রথম দিন যারা আবেদন করেছেন, তারা প্রথম ধাপে টাকা উত্তোলন করতে পারবেন। আর বাকিদের পর্যায়ক্রমে টাকা ফেরত দেওয়া হবে।"
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ব্যাংকটির সংকট মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে। টাকা উত্তোলনকে কেন্দ্র করে শাখাগুলোতে কেউ যাতে বিশৃঙ্খলা না করে, সে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, সম্মিলিত ইসলামী ব্যাংকে ৮৪ লাখ গ্রাহক রয়েছে এবং খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৯২ হাজার কোটি টাকা।