ভারতের রাজধানী দিল্লিতে একটি ৬ তলা ভবন ধসে পড়েছে, যার ফলে বেশ কয়েকজন আটকে পড়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে এই ঘটনা ঘটে। ভবনটি ৭৫ শয্যার পেয়িং গেস্ট আবাসন হিসেবে ব্যবহৃত হতো।
উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবিতদের খুঁজে বের করতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারের একজন প্রতিনিধি জানান, এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তুপে আটকা পড়েছেন।
সত্য নিকেতন দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছে অবস্থিত, যেখানে প্রচুর সংখ্যক ছাত্র-ছাত্রী বাস করে। এ পর্যন্ত ছয়জনকে উদ্ধার করা হয়েছে এবং অন্যান্য জীবিতদের উদ্ধারে তল্লাশি চলছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, ভবনটি ধসে পড়ার সময় এর ভেতরে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আজ রোববার ছুটির দিন হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী বাড়িতে ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত একজন শিক্ষার্থী এএনআই গণমাধ্যমকে বলেন, তিনি ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য আর্তনাদ শুনেছেন। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় পুলিশ, দমকল বাহিনী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে।