ইসরায়েল থেকে চিকিৎসকদের বিদেশে চলে যাওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত তিন বছরে অন্তত ১ হাজার ৩৭০ জন চিকিৎসক এক বছরের বেশি সময়ের জন্য দেশ ছেড়েছেন। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে, যা রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা যায়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে চিকিৎসকরা বিদেশে যাওয়ার প্রবণতা আগের এক দশকের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৩ থেকে ২০১৫ সালের তুলনায়, গত তিন বছরে বিদেশে যাওয়া চিকিৎসকের সংখ্যা ৯৪ শতাংশ বেড়ে গেছে। ২০২৩ সালে ৪১৬ জন চিকিৎসক, ২০২৪ সালে ৫৩০ জন এবং ২০২৫ সালের প্রাথমিক হিসাবে ৪১৯ জন চিকিৎসক দেশ ছেড়েছেন।
গবেষকদের মতে, বিদেশে চলে যাওয়া চিকিৎসকদের মধ্যে কেউ কেউ পরে ইসরায়েলে ফিরে আসলেও, ২০২৩ ও ২০২৪ সালে নিট ঘাটতি দাঁড়িয়েছে ৫০৯ জনে। অর্থাৎ বছরে গড়ে প্রায় ২৫৫ জন চিকিৎসক কমেছে। এই হার আগের দশকের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।
বিশেষজ্ঞদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা সবচেয়ে বেশি শিশু রোগ বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ এবং কান-নাক-গলা রোগ বিশেষজ্ঞদের মধ্যে। গবেষণায় দেখা যায়, এসব বিশেষজ্ঞের প্রায় ৬ দশমিক ২ শতাংশ এক বছরের বেশি সময়ের জন্য বিদেশে গেছেন।
গবেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন যে, অভিজ্ঞ চিকিৎসকদের দেশত্যাগের হারও বৃদ্ধি পাচ্ছে। অন্তত ১৪ শতাংশ চিকিৎসক অভিজ্ঞ ছিলেন এবং তাদের মধ্যে প্রায় ২০ শতাংশের বয়স ৪৫ বছরের বেশি।
গবেষক অধ্যাপক ইতাই আতার বলেন, '২০২৩ সাল থেকে ইসরায়েল তার সেরা মানুষদের হারাচ্ছে।' তিনি সতর্ক করে বলেন, এই প্রবণতা অব্যাহত থাকলে, ইসরায়েলের চিকিৎসাসেবার মানের ওপর প্রভাব পড়তে পারে এবং ভবিষ্যতে চিকিৎসকদের প্রশিক্ষণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।