দীর্ঘ অপেক্ষার পর সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা টাকা ফেরত পেতে শুরু করেছেন। গত কয়েকদিনের আবেদনের পর সোমবার থেকে টাকা তুলতে পারায় গ্রাহকেরা স্বস্তিতে রয়েছেন।
প্রথম দিন যারা টাকা তুলতে এসেছেন, তাদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এক সেপ্টেম্বরের পর যারা আবেদন করেছেন, তাদের টাকা দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত ৭৪ হাজার গ্রাহক ব্যাংক থেকে আমানত উত্তোলনের জন্য আবেদন করেছেন, যার বিপরীতে ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরত চেয়েছেন।
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার জানান, নগদ অর্থের সংকট নেই এবং চাহিদা অনুযায়ী টাকা উত্তোলন করা যাবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যক্তি আমানতকারীদের আবেদন এবং টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দিতে ইতোমধ্যে ৫ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। কর্মকর্তারা আশা করছেন, আমানত ফেরতের ধারাবাহিকতা এবং লেনদেন স্বাভাবিক হলে ব্যাংকটি দ্রুত গ্রাহকদের আস্থা অর্জন করবে।