ফ্রান্সের রাজধানী প্যারিসের অবেরভিলিয়ে এলাকায় গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি পরিবারের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে অবেরভিলিয়ের রু পল ভেরলেন এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। নিহত শিশুর নাম নাহিল, তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে।
ফরাসি সংবাদমাধ্যম টিএফ১ ইনফো জানায়, রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের পর বাড়িটির একটি অংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে গ্যাস লিক থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও জিআরডিএফ-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।