বিচ্ছেদের গুঞ্জন যখন বলিউডে চর্চিত, তখন নিউইয়র্কে একসঙ্গে দেখা মিলেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের। তাদের সাম্প্রতিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে আলাদা উপস্থিতির কারণে তাদের দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। এদিকে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের নাম জড়ানোর খবরও আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোন মন্তব্য করেননি অভিষেক, ঐশ্বরিয়া কিংবা নিমরত।
বর্তমানে শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত অভিষেক। ব্যস্ত সূচির মাঝে স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে সময় কাটাতে তিনি নিউইয়র্কে যান। সেখানে একটি ভক্তের সঙ্গে তোলা সেলফি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যায়, ক্যাপ ও টি-শার্ট পরিহিত অভিষেকের পাশে কালো পোশাকে রয়েছেন ঐশ্বরিয়া। দীর্ঘদিন পর তাদের একসঙ্গে দেখে ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন।
অভিষেক ও ঐশ্বরিয়া ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের একমাত্র সন্তান আরাধ্য বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ঐশ্বরিয়া তার জীবনের ‘সোলমেট’। তিনি জানান, তাদের প্রায় দুই দশকের দাম্পত্য জীবন সুখের স্মৃতিতে ভরা।
অভিষেক জানান, আগামী বিবাহবার্ষিকী উপলক্ষে বিশেষ পরিকল্পনা রয়েছে। সুখী দাম্পত্যের রহস্য জানতে চাইলে তিনি মজার ছলে বলেন, রাতে ঘুমানোর আগে স্ত্রীকে তিনবার ‘সরি’ বললে সংসার ভালো থাকে।
অভিষেক শিগগিরই ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে বড় পর্দায় ফিরছেন। ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়াল। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।