শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি রুপি

শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’ এর বাজেট ৪৫০ কোটি রুপি, যা তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি।

শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি রুপি

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান তিন বছর পর শীতের মৌসুমে বড়পর্দায় ফিরছেন তাঁর নতুন ছবি ‘কিং’ নিয়ে। এই ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে তাঁর মেয়ে সুহানা খানের। কিং খান ছবিটির জন্য কোনো আপস করতে রাজি নন এবং বর্তমানে শুটিংয়ের কাজ চলছে।

শাহরুখ ও সুহানা প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করবেন। আগস্টে শুটিং শেষ হওয়ার পর পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হবে। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনায় রয়েছে গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘কিং’-এর নির্মাণ ব্যয় ৪৫০ কোটি রুপি, যা শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের ছবি হতে যাচ্ছে। এর আগে ‘জওয়ান’ নির্মিত হয়েছিল ৪০০ কোটি রুপি ব্যয়ে, আর ‘পাঠান’-এর বাজেট ছিল ৩৫০ কোটি রুপি। তবে ‘কিং’-এর এই বাজেটে প্রচার ব্যয় ও শাহরুখের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়।

ছবির অ্যাকশন দৃশ্য নির্মাণে আন্তর্জাতিক স্টান্ট টিমের সদস্যরা কাজ করছেন এবং ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স)-এর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই কাজের দায়িত্বে রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের নিজস্ব ভিএফএক্স বিভাগ। ছবিটির পরিকল্পনা শুরুতে যে পরিসরে ছিল, তা এখন আরও বড় ক্যানভাসে তৈরি হচ্ছে।

সুহানা খানকে বড়পর্দায় আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার জন্য শাহরুখ ছবিটির প্রতিটি দিকেই সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা করছেন। ছবিতে শাহরুখ ও সুহানার পাশাপাশি দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং বাংলা চলচ্চিত্রের অভিনেতা খরাজ মুখোপাধ্যায় অভিনয় করছেন। ছবির সংগীত পরিচালনায় রয়েছেন সচিন-জিগর।

এর আগে ‘কিং’ নামে একটি ছবি নির্মাণের পরিকল্পনা করেছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। কবীর খান পরিচালনায় সেই ছবিতে হৃতিক রোশনকে নেওয়ার কথা ছিল, তবে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। পরে ‘কিং’ নামটির স্বত্ব রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছে বিক্রি করা হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘কিং’।”

বিজ্ঞাপন