বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

সৌরভ গাঙ্গুলির বায়োপিকের প্রথম ঝলক প্রকাশিত

সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশিত হলো বায়োপিকের প্রথম ঝলক ও মুক্তির তারিখ।

সৌরভ গাঙ্গুলির বায়োপিকের প্রথম ঝলক প্রকাশিত

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির জন্মদিনে প্রকাশিত হলো তার দীর্ঘ প্রতীক্ষিত বায়োপিকের প্রথম ঝলক। নির্মাতারা সিনেমাটির মুক্তির সম্ভাব্য তারিখও ঘোষণা করেছেন।

বায়োপিকে ‘মহারাজ’ খ্যাত সৌরভ গাঙ্গুলির চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। বুধবার প্রকাশিত প্রথম ঝলকে দেখা যায়, ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর সৌরভের ঐতিহাসিক জার্সি ওড়ানোর মুহূর্তটি পুনর্নির্মাণ করেছেন রাজকুমার।

সামাজিক যোগাযোগমাধ্যমে সৌরভ গাঙ্গুলি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “রাজকুমারের রূপে নিজেকে পর্দায় দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

চলচ্চিত্রটি পরিচালনা করছেন খ্যাতনামা নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের ১৪ মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মুম্বাই ও কলকাতায় ছবির প্রথম লটের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। চলতি মাসের শেষে লন্ডনে গুরুত্বপূর্ণ কিছু অংশের শুটিংয়ের জন্য পুরো টিম যাবে। কলকাতায় শেষ ধাপের কাজ হবে।

বায়োপিকে সৌরভের পারিবারিক চরিত্রে জনপ্রিয় বাঙালি অভিনয়শিল্পীরা অভিনয় করবেন। সৌরভের বাবা চণ্ডী গাঙ্গুলির চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, মা নিরূপা গাঙ্গুলির ভূমিকায় অপরাজিতা আঢ্য এবং ভাই স্নেহাশিস গাঙ্গুলির চরিত্রে রাহুল দেব বসু অভিনয় করছেন। এছাড়া, সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির চরিত্রে থাকছেন তানিয়া মানিকতলা।

রাজকুমার রাও সৌরভের চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে ইডেন গার্ডেন্সে কঠোর অনুশীলন করেছেন।

বিজ্ঞাপন