শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দোহা চলচ্চিত্র উৎসবে ৬০ দেশের ১০৪ সিনেমার প্রদর্শনী শুরু

দোহা চলচ্চিত্র উৎসবে ৬০ দেশের ১০৪ সিনেমা প্রদর্শিত হচ্ছে, চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

দোহা চলচ্চিত্র উৎসবে ৬০ দেশের ১০৪ সিনেমার প্রদর্শনী শুরু

কাতারের রাজধানী দোহা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে ২০২৬ সালের দোহা চলচ্চিত্র উৎসব। এই নয় দিনব্যাপী উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত এবং এতে ৬০টি দেশের ১০৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবে ১৭টি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং ৪৮টি সিনেমার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। আরব বিশ্বের নির্মাতাদের কাজের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের আয়োজনে।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ইয়েমেনি-ব্রিটিশ নির্মাতা সারা ইসহাকের ‘দ্য স্টেশন’ (আল মাহাত্তাহ), যা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের নারীদের জীবনসংগ্রাম এবং টিকে থাকার গল্প তুলে ধরে।

ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস এবং সিরিয়ার জনপ্রিয় অভিনেতা তাইম হাসানকে ‘ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। উৎসবে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য তারকাদের মধ্যে রয়েছেন আদিল হুসেইন, নেহা ধুপিয়া, জেমস গ্রে, নাওমি কাওয়াসে, জিয়ানফ্রাঙ্কো রোসি এবং জিম কার্টার।

উৎসবে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, কাতারে নির্মিত চলচ্চিত্র এবং তরুণদের জন্য আজিয়াল প্রতিযোগিতাসহ বিভিন্ন বিভাগে পুরস্কার দেওয়া হবে, যার মোট অর্থমূল্য তিন লাখ মার্কিন ডলারের বেশি।

উৎসব পরিচালক ফাতমা হাসান আল রেমাইহি জানিয়েছেন, চলচ্চিত্র ভৌগোলিক সীমানা অতিক্রম করে মানুষের মধ্যে সংযোগ তৈরি করে। দোহা চলচ্চিত্র উৎসব স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে।

চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি নির্মাতা ও অভিনয়শিল্পীদের সঙ্গে আলোচনা, বিশেষ সেশন, সংগীতানুষ্ঠান এবং তরুণ নির্মাতাদের জন্য নানা আয়োজনও থাকবে। উৎসবের কার্যক্রম কাতারা কালচারাল ভিলেজ, মুশাইরিব ডাউনটাউন দোহা এবং মিউজিয়াম অব ইসলামিক আর্টসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন