হলিউডের প্রবীণ অভিনেতা মাইক প্রেস্টন ৮ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৩ বছর।
তিনি স্ত্রী জোসি প্রেস্টন ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর খবরটি প্রায় দেড় মাস পর প্রকাশিত হয়েছে। জোসি প্রেস্টন মার্কিন বিনোদনভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাইক প্রেস্টন, যার জন্মনাম ছিল জ্যাক ডেভিস, অভিনয়ে আসার আগে সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৫০-এর দশকের শেষ দিকে যুক্তরাজ্যে প্রকাশিত তার তিনটি গান জনপ্রিয়তার শীর্ষ ৪০-এর তালিকায় স্থান করে নেয়।
পরে তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে নাইটক্লাবে গায়ক ও বিনোদনশিল্পী হিসেবে কাজ শুরু করেন। টেলিভিশন উপস্থাপক হিসেবেও তিনি সফলতা অর্জন করেন। ‘ইন মেলবোর্ন টুনাইট’ অনুষ্ঠানে সঞ্চালনার মাধ্যমে জনপ্রিয়তা পান।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় টিভি সিরিজ ‘হোমিসাইড’-এ গোয়েন্দা বব ডেলানি চরিত্রে দীর্ঘ সময় অভিনয় করেন। এছাড়া ‘বেলবার্ড’, ‘ডিকসন অব ডক গ্রিন’, ‘টান্ডারা’, ‘চপার স্কোয়াড’ ও ‘কপ শপ’-সহ বহু টেলিভিশন সিরিজে দেখা যায় তাকে।
মাইক প্রেস্টনের চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৬৯ সালে ‘স্টোনি’ সিনেমার মাধ্যমে। তবে ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’-এ পাপ্পাগালো চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান।
তার দীর্ঘ কর্মজীবনের শেষ কাজ ছিল ২০০২ সালে প্রকাশিত ভিডিও গেম ‘দ্য গেটঅ্যাওয়ে’-তে কণ্ঠ দেওয়া। সংগীত, উপস্থাপনা ও অভিনয়—তিন অঙ্গনেই তিনি নিজের স্বাক্ষর রেখে বিদায় নিলেন।