ফুটবল মাঠে রেকর্ড ও সাফল্যের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা এবার টেলিভিশন নাটকের জগতে প্রবেশ করছেন। একটি বড় বাজেটের ড্রামা সিরিজে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার পাশাপাশি অভিনয়ও করবেন তিনি।
সিরিজটির নাম ‘Day 1s’, যা ব্রিটিশ ফুটবলের নানা দিক নিয়ে তৈরি হতে যাচ্ছে। রোনালদোর সঙ্গে এই সিরিজে থাকছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরিও। ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোলের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
৪১ বছর বয়সী রোনালদো ইতোমধ্যে প্রযোজনার কাজে যুক্ত হয়েছেন এবং বিখ্যাত নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে কাজ করছেন। ভন ‘কিংসম্যান’ ফ্র্যাঞ্চাইজির জন্য পরিচিত।
বিনোদন জগতে নতুন এই শুরু নিয়ে রোনালদো বলেন, ‘আমার জন্য এটা এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। সামনে নতুন নতুন কাজ ও চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’
‘Day 1s’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। এটি সাম্প্রতিক সময়ের ফুটবলভিত্তিক কমেডি সিরিজগুলোর মতো হালকা গল্প নয়, বরং ফুটবল দুনিয়ার ভেতরের নানা জটিলতা ও বাস্তব বিষয় তুলে ধরবে। ইতোমধ্যে ইংল্যান্ডের বারনেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।
রোনালদো কেন হঠাৎ বিনোদন জগতে এলেন? এর মূল কারণ হলো ফুটবলের পর বিনোদন জগতে নিজেকে স্বাক্ষর রাখতে চান তিনি। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর মারভ স্টুডিওস (UR Marv Studios) বিনোদনে নতুন ধারা তৈরির লক্ষ্যে কাজ করছে।
রোনালদোর সঙ্গে কাজ করা প্রসঙ্গে ম্যাথিউ ভন বলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছে, যেগুলো আমি কখনো লিখতে পারতাম না। তাঁর সঙ্গে অনুপ্রেরণামূলক সিনেমা তৈরির অপেক্ষায় আছি।’