মার্ভেল ভক্তদের উন্মাদনার মধ্যে আগামী ৩১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। তবে বাংলাদেশের দর্শকরা এই সিনেমাটি দেখতে পাবেন ৩০ জুলাই, যা আন্তর্জাতিক মুক্তির আগের দিন। সিনেমাটি মুক্তি পাবে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে।
এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম সিনেমা এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি। পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন, যেখানে স্পাইডার-ম্যান চরিত্রে আবারও দেখা যাবে টম হল্যান্ডকে। তাঁর সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন জেন্ডায়া।
নতুন সিনেমাটিতে পিটার পার্কারের জীবনে নতুন পরিবর্তন আসছে, যেখানে এমজে তার জীবনে নতুনভাবে এগিয়ে যায়। এ ছবিতে নতুন মুখ হিসেবে দেখা যাবে ‘আসোকা’খ্যাত অভিনেতা ইমান এসফান্ডিকে, যিনি এমজে’র নতুন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন।
জনপ্রিয় অভিনেত্রী সেডি সিঙ্কও একটি রহস্যময় চরিত্রে হাজির হচ্ছেন। এছাড়া, নেটফ্লিক্সের ‘ডেয়ারডেভিল’ সিরিজের জনপ্রিয় চরিত্র ‘দ্য পানিশার’ হিসেবে জন বার্নথাল বড়পর্দায় ফিরে আসছেন।
এই সিনেমাটি পিটারের মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্বের লড়াইকে নতুন মাত্রায় তুলে ধরবে। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পরের ঘটনাবলী নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা।
পিটারকে এবার আরও দায়িত্বশীল ও মানসিকভাবে পরিণত অবস্থায় দেখা যাবে। প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি অভিনব, কারণ এটি বিশ্বের প্রথম সিনেমা যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ উদ্যোগের আওতায় নির্মিত হয়েছে। এই প্রযুক্তিতে দর্শকরা ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউ উপভোগ করতে পারবেন।
ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে, এবং প্রথম ২৪ ঘণ্টাতেই ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। অগ্রিম টিকিট বুকিংও চলছে ব্যাপকভাবে, যা সিনেমাটির সাফল্যের ইঙ্গিত দেয়।