মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির কান্নাজড়িত বক্তব্য: 'আমি অসহায়'

অভিনেত্রী জ্যোতি ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়েন, জানান অসহায়ত্বের কথা।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির কান্নাজড়িত বক্তব্য: 'আমি অসহায়'

জুলাই গণঅভ্যুত্থানের পর ‘ফ্যাসিবাদের দোসর’ তকমায় নানা জটিলতায় পড়তে শুরু করেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তাঁর অভিযোগ, সাম্প্রতিক সময়ে কেউ তাঁকে অভিনয়ের জন্য ডাকছে না এবং বিভিন্ন জায়গায় তাঁকে ‘ব্ল্যাক লিস্টেড’ করা হয়েছে।

৩ আগস্ট সোমবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন জ্যোতি। তিনি জানান, দীর্ঘদিন ধরে মানসিক চাপ, অনলাইন হয়রানি ও কাজের সংকটে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘এই বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি।’

লাইভের শুরুতেই জ্যোতি বলেন, নিজের কষ্ট ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। তিনি জানান, ‘কোনো দুর্ঘটনা ঘটার পর আমরা অনেক কথা বলি। কিন্তু যে মানুষটি সেই অবস্থার মধ্যে থাকে, তাঁর কষ্টটা সে-ই জানে।’

অভিনেত্রী দাবি করেন, গত দুই বছর ধরে তাঁর হাতে তেমন কোনো কাজ নেই এবং এই সময়ের মধ্যে নিয়মিত অনলাইন হয়রানি, কটূক্তি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন। তিনি আর্থিক সংকটের কথাও তুলে ধরেন।

জ্যোতি অভিযোগ করেন, ২০২৪ সালের পর থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার ও হয়রানি বেড়ে গেছে। তিনি বলেন, নিজের রাজনৈতিক অবস্থানের কারণে একাধিক পক্ষের সমালোচনা, হুমকি ও অনলাইন বুলিংয়ের মুখোমুখি হতে হয়েছে।

এছাড়া, নিরাপত্তাজনিত কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না বলেও জানান তিনি। লাইভের শেষে আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি অসহায়। আমি দুঃখিত, এভাবে আমার দুর্বলতা প্রকাশ করতে হলো। কিন্তু আমার আর শক্তি নেই। আমার মনে হচ্ছে, আমি আর ঘুরে দাঁড়াতে পারব না।’

প্রসঙ্গত, ২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। তিনি ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’, ‘লাল মোরগের ঝুঁটি’ এবং কলকাতার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’সহ একাধিক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেছেন।

বিজ্ঞাপন