বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান সামাজিকমাধ্যমে বাড়ি দখলের খবর ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, এই ঘটনা সাম্প্রতিক নয়, বরং প্রায় দুই দশক আগের।
দিলারা জামান বলেন, "মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে। একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়।" ২০০৩-২০০৪ সালের দিকে শ্যামলী এলাকায় তাঁর পৈতৃক বাড়ি দখলের চেষ্টা হয়েছিল।
তিনি জানান, তখন তিনি পরিবার নিয়ে ওই বাড়িতে থাকতেন এবং বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্টদের মধ্যে তৎপরতা দেখা দেয়। তবে সেই দখলের চেষ্টা সফল হয়নি।
পরবর্তীতে দিলারা জামান ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কিনে সেখানে বসবাস শুরু করেন। তিনি জানান, দেশ থেকে বাইরে থাকা দুই মেয়ের কাছে মাঝে মাঝে গেলেও এখন আগের মতো বিদেশে যাওয়ার সুযোগ নেই।
অভিনয়ের পাশাপাশি উত্তরার ফ্ল্যাটে সময় কাটানোর কথা উল্লেখ করে তিনি জানান, এত বছর পর পুরনো একটি ঘটনা নতুন করে ছড়িয়ে পড়ায় তিনি হতবাক। "আজগুবি তথ্য" কীভাবে সামনে এল, তা তিনি বুঝতে পারছেন না।