‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে ১৭টি আসল থাপ্পড় সহ্য করতে হয়েছে। সম্প্রতি সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে এক আড্ডায় এই ঘটনা শেয়ার করেন পরিচালক ফারহান আখতার ও আমির খান নিজে।
সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অক্ষয় খান্নার চরিত্র থাপ্পড় মারেন আমিরের চরিত্রকে। দৃশ্যটি আরও বাস্তবসম্মত করতে আমির নিজেই সত্যিকারের চড় খাওয়ার সিদ্ধান্ত নেন। ফারহান জানান, শুটিংয়ের আগে আমিরকে আগেভাগেই জানিয়ে রাখা হয়েছিল যে থাপ্পড় সত্যিই পড়বে।
অক্ষয়কে বলা হয়েছিল সংলাপ বলার মাঝেই আঘাত করতে, যাতে দৃশ্যে আকস্মিকতার অনুভূতি আসে। দৃশ্যটি একবারে হয়নি; বারবার শুট করতে হয়েছিল এবং প্রতিবারই আমির স্বেচ্ছায় আসল থাপ্পড় নিতে রাজি হন।
আমিরের যুক্তি ছিল, বাস্তব আঘাতেই দৃশ্যের আবেগ সবচেয়ে স্বাভাবিকভাবে ফুটে ওঠে। শুটিং শেষে আমিরের গালে দাগ স্পষ্ট হয়ে গিয়েছিল এবং মুখের একপাশ ফুলেও গিয়েছিল।
শুধু আমির নয়, সিনেমার আরেকটি দৃশ্যে অভিনেত্রী সুচিত্রা পিল্লাইও সাইফ আলি খানকে সত্যিকারের চড় মেরেছিলেন। ফারহানের পরামর্শেই এটি করা হয়, যাতে দৃশ্যটি স্বাভাবিক লাগে। মুক্তির ২৫ বছর পরও বন্ধুত্ব, সম্পর্ক আর তারুণ্যের গল্প নিয়ে তৈরি এই সিনেমা দর্শকদের আগ্রহ ধরে রেখেছে।