বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতে সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আজ ১৮ জুলাই ৪৪ বছরে পা রাখা এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে বিশাল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন।
আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রিয়াঙ্কার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৫৮৩ কোটি রুপি। অপরদিকে, তার স্বামী নিক জোনাসের সম্পদের পরিমাণ প্রায় ৬৬৬ কোটি রুপি। ফলে, এই তারকা দম্পতির যৌথ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ২৫০ কোটি রুপিতে।
২০০২ সালে তামিল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন প্রিয়াঙ্কা। পরের বছর বলিউডে অভিষেকের পর ‘ফ্যাশন’, ‘ডন’, ‘বাজিরাও মাস্তানি’সহ একাধিক সফল ছবিতে অভিনয় করে শীর্ষ তারকাদের কাতারে চলে আসেন। বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মহেশ বাবুর নতুন ছবির জন্য প্রিয়াঙ্কা প্রায় ৩০ কোটি রুপি এবং আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর জন্য প্রায় ৪১ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
অভিনয়ের বাইরে প্রিয়াঙ্কার প্রসাধনী, ফ্যাশন, হেয়ার কেয়ার ব্র্যান্ড, এবং প্রযুক্তিনির্ভর স্টার্টআপসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসে প্রায় ২০০ লাখ মার্কিন ডলার ব্যয়ে কেনা বিলাসবহুল বাড়িটি তাদের সম্পদের অন্যতম আকর্ষণ।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পিত বিনিয়োগই এই দম্পতির বিপুল সম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।