শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচালে ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শত শত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী ঐতিহাসিক ক্যাথেড্রালে ভিড় করেন।
রোনালদোর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তাদের বিয়ের কোনো পরিকল্পনা নেই। তবে ভক্তদের আশা ছিল, তারা নিজের চোখে রোনালদোর বিশেষ মুহূর্তটি দেখবেন।
কিন্তু ভক্তদের হতাশ হতে হয়। তারা বিয়ের সাক্ষী হয়েছেন ঠিকই, তবে তা রোনালদো ও জর্জিনার নয়। ফুনচালের ক্যাথেড্রালে অন্য এক দম্পতি, নিকোল ও ফাবিওর বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গির্জার বাইরে ভক্তরা মোবাইল ও ক্যামেরা নিয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু কনের গাড়ি এসে পৌঁছালে তারা বুঝতে পারেন, এটি রোনালদো-জর্জিনার বিয়ে নয়।
ক্যাথেড্রাল কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে। পোস্টে বলা হয়, ‘নিকোল ও ফাবিওকে অভিনন্দন। রাস্তায় এত সাংবাদিক ও পর্যটকের ভিড়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল।’
নিকোল যখন গির্জায় প্রবেশ করছিলেন, তখন উৎসুক জনতার ভিড়ের ছবি দিয়ে আরেকটি পোস্টে লেখা হয়, ‘ক্যাথেড্রালে এমন দৃশ্য আমরা আগে কখনো দেখিনি।’
নতুন দম্পতি এই পরিস্থিতিকে আনন্দের সঙ্গে নিয়েছেন। বিয়ের একজন অতিথি বলেন, ‘নিজেদের সেলিব্রিটির মতো মনে হচ্ছে।’ রোনালদোও বিষয়টি নিয়ে মজা করেছেন এবং একটি ইনস্টাগ্রাম পোস্টে হাসির ইমোজি দিয়ে মন্তব্য করেন।
তবে রোনালদো এখনও জানাননি, তিনি ও জর্জিনা কবে বিয়ের পরিকল্পনা করছেন।